
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অবস্থিত মসজিদসগুলোর বিদ্যুৎ বিল (কারেন্ট বিল) মওকুফের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন দাখিল করা হয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনটি দাখিল করেন মতলব উত্তর উপজেলার কারা নির্যাতিত ছাত্রনেতা, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বাবু প্রধান।
মোঃ আরিফুল ইসলাম বাবু প্রধান বলেন, “মসজিদসমূহ ধর্মীয় উপাসনালয়, পবিত্র স্থান, সমাজে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব ধর্মীয় প্রতিষ্ঠান সাধারণ জনগণের অনুদান ও দানে পরিচালিত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান বা কিছু নির্দিষ্ট খাতে ভর্তুকি দিতে পারে, তাহলে ধর্মীয় উপাসনালয়গুলোর ক্ষেত্রেও একইভাবে বিদ্যুৎ বিল মওকুফের সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে ধর্মীয় পরিবেশ উন্নত হবে এবং জনগণের আর্থিক চাপ কমবে।”
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় শিক্ষার পরিবেশ বজায় রাখতে এসব প্রতিষ্ঠানের টিকে থাকা জরুরি। বিদ্যুৎ বিল মওকুফের মাধ্যমে মসজিদসমূহের কার্যক্রম আরো সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে পরিচালনা করা সম্ভব হবে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহানুভূতিশীল হস্তক্ষেপ কামনা করেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি বিবেচনায় নেওয়া হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তা হবে একটি স্বস্তির বার্তা।
কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ আরিফুল ইসলাম বাবুর এ দাবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
