
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা: মতলব দক্ষিণ থানার পুলিশ বিভিন্ন মাদক বিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মতলব দক্ষিণ থানায় ১১টি মাদক মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম, পিতা-সোনা মিয়া সওদাগর, সাং-নায়েরগাঁও বাজারকে ৩টি গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী আটক করা হয়। দীর্ঘদিন ধরে আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
এছাড়া নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। আরও একটি অভিযানে ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ী থেকে মোঃ সাইফুল ইসলামকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এবং নায়েরগাঁও বাজারের “মায়ের দোয়া স্টিল কিং” দোকানের সামনে থেকে মোঃ রেজাউলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, “আমাদের পুলিশ প্রশাসন এই এলাকার মাদক ব্যবসা বন্ধে কোনো আপস করবে না। যারা মাদক বিক্রি বা পরিবেশ করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিটি গ্রাম ও বাজারে নজরদারি জোরদার করা হবে। এই এলাকায় মাদকদ্রব্য বিস্তার কোনোভাবেই সহ্য করা হবে না।”
তিনি আরও জানান, “এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে আমরা জনসাধারণকে নিরাপদ রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব। মাদক ব্যবসায়ীরা যেন স্থানীয় জনগণ ও সামাজিক পরিবেশের জন্য হুমকির কারণ না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
