মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৭টায় মতলব বাজারের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন সরকার শাওন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিক রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিকেল ৪টায় মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় ফিতা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া।
তিনি বলেন, “গুপ্ত ও ফ্যাসিস্ট—এই দুই শক্তির চরিত্র একই।” বক্তব্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দ্রিক অবস্থান এবং নির্বাচনের আগে-পরে তাদের রাজনৈতিক আচরণ নিয়ে সমালোচনা করেন।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারী একটি ঐতিহ্যবাহী সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এ দেশের তরুণ সমাজই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। তাই যুবদলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওন।
এ ছাড়া বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সরকার, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন ভূঁইয়া ও মাইন উদ্দিন ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির মিয়াজী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।
সমাবেশে বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

