
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেওয়ার পাশাপাশি নিজেদের দুই দফা দাবি পূরণে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এর আগে, শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলন করেন তারা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং জড়িত পুলিশ সদস্য ও দায়িত্বরত কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এছাড়া, অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আন্দোলনের সূত্রপাত হয় পূজার ছুটির আগে অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রশাসন থেকে অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা শেষ করতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন।
