
শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১০ দিনব্যাপী “৭ম বার্ষিকী বৃক্ষমেলা অনুষ্ঠান”এর বৃক্ষমেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, কালিগঞ্জ থানা সেকেন্ড অফিসার শাহাদাত হোসেন, এসআই রাজিব সরদার, চাঁচাই সবুজ সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন, সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সহ-সভাপতি আকরাম হোসেন, কোষাধ্যক্ষ সনজয় মণ্ডল, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লাল্টু ইসলাম,ও আশরাফুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা, জলবায়ু ভারসাম্য ও টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রকৃতি ও সবুজের প্রতি আরও সচেতন হতে হবে।
ইউএনও অনুজা মণ্ডল তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,
গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি জীবন দেয়। প্রতিটি মানুষ যদি একটি করে গাছ রোপণ ও যত্ন নেয়, তবে আমাদের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সবুজ হয়ে উঠবে। বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,এই বৃক্ষমেলা শুধু একটি প্রদর্শনী নয়—এটি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ-সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। বৃক্ষমেলায় স্থানীয় নার্সারি মালিক, কৃষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা অংশ নিয়েছেন। প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান,পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও বৃক্ষবিক্রয় মেলার আয়োজন করা হবে। মেলা চলবে আগামী ১৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত।সবুজে গড়ে উঠুক মানবতার ভবিষ্যৎ—প্রকৃতিই আমাদের প্রাণ, বৃক্ষই আমাদের জীবন।
