
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও চাঁচাই খ্রিস্টান মিশনের দীর্ঘদিনের ভাঙাচোরা চলাচলের রাস্তাটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা দ্বিবার্ষিক কাউন্সিলর নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি এ রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন। খুব দ্রুত ইউনিয়ন পরিষদের বিশেষ বরাদ্দ থেকে সংস্কার কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনিএলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে রাস্তাটি বড় করে সংস্কারের এই উদ্যোগকে সবাই আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশিদ, ইউপি প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, ইউপি সদস্য গোলাম রব্বানী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মারুফ বিল্লাহ, সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ মোস্তফা। সাবেক উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন,ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোসলেম আলী, সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, শিক্ষক ইউনুস আলী, শিক্ষক মাওলানা নজরুল ইসলাম, ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি আলমগীর হোসেন, চাঁচাই খ্রিস্টান মিশনের শিক্ষক জেভিয়ার মণ্ডল, যুবনেতা ফিরোজ ঢালি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,“জনগণের কল্যাণে কাজ করা আমার দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর সহজ চলাচলের জন্য এই রাস্তা সংস্কারের পদক্ষেপ নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতা নিয়েই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। ”স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা থাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন। সংস্কার সম্পন্ন হলে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসীর যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে।
