
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হামিম মল্লিক (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা ইউনিয়নের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ইলিয়াস মল্লিকের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই ফজলু মিয়া জানান, ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণ প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
