
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের জেরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার ও লিবার্টিসহ আশপাশের কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি তুলে উৎপাদন বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তাঁরা অন্য কারখানার কর্মীদের বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের বিভিন্ন স্থানে আগুন দেন এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার দিকে এগোতে থাকেন।
বিক্ষোভকারীরা মূল সড়কে নামার চেষ্টা করলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ যৌথভাবে তাঁদের বাধা দেয়। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে করে পুরো কাঠেরপুল এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে আন্দোলনকারীদের হটিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকরা কাজ ফেলে রাস্তায় নেমে অন্য কারখানার কর্মীদের টেনে বের করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থান নেয়। কোনো অবস্থাতেই শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে এলাকা শান্ত হলে পুলিশ সদস্যরা সেখানে পাহাড়ায় থাকেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ছয়জন শ্রমিককে আটক করা হয়েছে। এর আগেও গত দুই দিন ধরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা। ওই সময়ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লিংক রোডে টানা চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত দুইদিন যাবত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জাল কুড়ি এলাকায় সড়ক অবরোধ করে।
