
বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার পথে টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে পর্যটকবাহী চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। উদ্ধারকারী দল গাড়িতে থাকা দুইজনকে মৃত অবস্থায় এবং পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিজিবির পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। একইসঙ্গে নিহতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
