
সমির ভট্টাচার্য্য ঃ
আজ ১৪ ফেব্রুয়ারী চাঁদপুর জেলাসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্তরা ।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে আজ প্রণতি জানাবেন তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী-অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। চাঁদপুর জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া, মোহল্লার মন্ডপ গুলোতে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। প্রতি বছরের মতো এবারও মহাসাড়ম্বরে সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকালে অর্চনা, অঞ্জলি প্রদান, হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হবে।
সন্ধ্যায় রয়েছে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
