
ধনাগোদা বার্তা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহিন আলম (২২) নামে সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ জানুয়ারি) ভোররাত তিনটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় আল আমিন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সেনা কর্মকর্তা শাহিন আলম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মানিকের কান্দি গ্রামের আইয়ুব আলির ছেলে।
নিহত সেনা সদস্যের বন্ধু হাবিব জানান, শাহিন বরিশাল জেলায় সেনাবাহিনীর সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাত দিনের ছুটি নিয়ে বাড়ীতে যাওয়ার পথে ছিনতাইকারিদের কবলে পড়েন। তখন ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মশিউর রহমান পিপিএম বার জানান, এমন একটি ঘটনার খবর পেয়েছি। লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
