
মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামীর পিতা খোরশেদ আলম খান। এই নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে । জানা যায়, ২৩ জানুয়ারী বহরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যার মামলার আসামীর পিতা খোরশেদ আলম খান । এ নিয়ে অভিবাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
সভাপতির ছেলে আকাশ খান বহরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়, যা বর্তমানে চলমান রয়েছে। এলাকাবাসীরা জানান, যিনি সভাপতি হয়েছেন তার ছেলে আকাশ খান বহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারকে বিদ্যালয় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।বৃষ্টি আক্তার ছেলের বাবা ও অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে গত ২০১৯ সালের ২৫ সেপ্টম্বর সআত্মহত্যা করতে বাধ্য হয়।
আর এই ঘটনায় বৃষ্টির মা রোকেয়া আক্তার বাদী হয়ে আকাশ খানকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় মতলব দক্ষিণ থানা পুলিশ আকাশ খানকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। কয়েক মাস জেলে থাকার পর জামিনে বেরিয়ে বৃষ্টি আক্তার এর পরিবারকে নানা ধরনের হুমকি ধমকি আসছে ।
তারা আরো বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান খান নিজের অপকর্ম লুকিয়ে রাখতে তার আপন চাচা খোরশেদ আলম খানকে সভাপতি করতে জোর তবদীর চালিয়েছেন । বহরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের দুষ্কৃতকারী ব্যক্তির পিতা কি করে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয় । এ বিষয়ে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
