
বিশ্বের সবচেয়ে ছোট এই গরুর উচ্চতা মাত্র ২০ ইঞ্চি, আর ওজন মাত্র ২৬ কেজি। গরুটির নাম ‘রাণী’। যার দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। এটি লালিত পালিত হচ্ছে ঢাকার পাশে সাভারের ‘শিকড় এগ্রো লিমিটেড’ ফার্মে।
পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বশেষ তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট গরুটি রয়েছে ভারতের কেরেলা রাজ্যে। ৪ বছর বয়সী ওই গরু লাল রঙের এবং উচ্চতা ২৪ ইঞ্চি (২ ফুট)। আর ওজন ৪০ কেজি। গরুটির নাম ‘মানিকিয়াম’।
শিকড় এগ্রোর পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১ বছর আগে নওগাঁ থেকে গরুটিকে সংগ্রহ করে সাভারে নিয়ে আসা হয়। এখন সাভারেই এটিকে পালন করা হচ্ছে। গরুটিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারও অনেকটা কম লাগে।
