
মতলব প্রতিনিধি: মতলব পৌরসভা সদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী পোল্টির রুবেলের বাসা থেকে আরেক মাদক কারবারি রাজু ঘোষ ওরফে পন্টিকে আটক করা হয়েছে। বুধবার (২৬ মে) বিকালে মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে ২৬ পিস ইয়াবাসহ আটক করে।
জানা যায়, মতলব পৌরসভার ঘোষ পাড়া মহল্লার বিশ্বজিৎ ঘোষের ছেলে রাজু ঘোষ ওরফে পন্টিকে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চলতি বছরের মার্চ মাসের ১১ তারিখে ৬৮ পিস ইয়াবাসহ আটক করে। ইয়াবাসহ আটকের ঘটনায় পন্টি কয়েকদিন হাজতবাস খাটার পর জামিনে মুক্ত হয়ে এসে আবারও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। বুধবার বিকালে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মতলব পৌর এলাকার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী পল্টি রুবেলের বাসায় অভিযান চালায়। অভিযানের সময় পোল্টি রুবেল ও তার অপর সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও রাজু ঘোষ ওরফে পন্টি পুলিশের হাতে ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আটক রাজু ঘোষ ওরফে পন্টির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
