
সমির ভট্টাচার্য্য:
সোনালী আঁশের দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অন্তর্গত পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর তালিকাভুক্ত ১৮৩৪ জন চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আজ ২৭ মার্চ রোজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। জানা যায় যে, মতলব দক্ষিণ উপজেলায় সর্বমোট ১৮৩৪ জনের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। আজ পৌরসভাস্থ কৃষিজীবীর মাঝে বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের মাধ্যমে পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম মোহন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম মোহন বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষিখাতে ব্যাপক উন্নয়নের লক্ষে এ সরকার পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। আপনারা সবাই কৃষি পেশায় নিজেকে আরও বিকশিত করুন ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি তিনি আরও বলেন, মতলবে পাট চাষে কৃষকশ্রেনীকে আরও সু-দক্ষ করে তোলতে উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কৃষি কর্মকর্তা (চাঁদপুর) কে নির্দেশ প্রদান করবেন।
