
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মার্কিন সামরিক বাহিনীর কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেছেন। সামরিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী সিলভিয়াকে সরানোর নেপথ্যে কোনো আনুষ্ঠানিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক অভিযানের পরিকল্পনার মধ্যেই এমন সিদ্ধান্তের ঘটনা ঘটল।
এর আগেও হেগসেথ সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও একইভাবে অবসরে যেতে বাধ্য করেছিলেন। এই ধারাবাহিতকতায় দায়িত্ব থেকে সরানোর বিষয়টি পেন্টাগনের উচ্চপর্যায়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়ার বিদায় নিয়ে মার্কিন জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আলজাজিরাকে জানিয়েছেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান ও পুরো বাহিনীর পক্ষ থেকে সিলভিয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তার ৩২ বছরের সম্মানজনক সেবার কথা উল্লেখ করে মুখপাত্র আরও বলেন, তার নতুন জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য তারা শুভকামনা প্রকাশ করছেন।
