
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ি মহাসড়কের সোলাগাড়ী এলাকায় দিনের বেলায় চৌদ্দ লাখ টাকা ডাকাতি ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়েছে। মডেল থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ব্রিফিং এ তথ্যটি জানিয়ে আরো বলেন, আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র এঘটনা ঘটিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডাকাতি ঘটনার পরপরই পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এছাড়া এদের কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার এবং ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ডাকাত দলের ৩ জন হলো-উল্লাপাড়া বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে আব্দুল মান্নান (৩৬), কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের মজিবর প্রামানিকের ছেলে টুটুল (১৯) ও একই উপজেলার কর্ণসুতি গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুস সালাম (৪৫)। উল্লাপাড়ার ঘোষগাতীর মীর মোন্নাফ বাদী হয়ে ডাকাতি মামলাটি দায়ের করেছেন।
