
প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। এ ঘটনার পর তাঁকে উক্ত দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে জারিকৃত প্রজ্ঞাপনে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো হয়নি।
এর আগে গত ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাদিসের সঙ্গে তুলনা করেন মসিউর রহমান। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে ডিটিসিএর নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত থাকা মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই সাথে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
