
মতলব দক্ষিণের সর্বত্র বেড়েছে মাদকের কারবার। প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া চলছে। মাঝে মধ্যে পুলিশের অভিযানে কিছুু ছিঁচকে মাদক ব্যবসায়ীকে আটক হলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। মাদক কারবারিরা হয়ে উঠেছে আরো বেপরোয়া।
অনুসন্ধানে জানা যায়, মতলব দক্ষিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন- নায়েরগাঁও, চারটভাংগা, নারায়নপুর, আচলছিলা, উপাদী, ডিংগাভাংগা, করবন্দসহ বিভিন্ন স্থানে এবং পৌরসভার চরমুকুন্দী, ভাংগারপাড়, দশপাড়া, দগরপুর, টিএন্ডটি, ঘোষপাড়া, ঢাকিরগাঁও, বরদিয়া, মুন্সিরহাট, দিঘলদী, নিউ হোস্টেল মাঠ, কলেজ গেটের আশেপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। এতে করে ধ্বংশ হচ্ছে যুবসমাজ, পিছিয়ে যাচ্ছে জাতি।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালালে মাদক কারবারিরা কিছুদিনের জন্য নিজেদের লুকিয়ে রাখে। তারপর আবার সেই পুরনো পথে ফিরে যায়। মাদকের অবৈধ ব্যবসা মানেই কাঁচা টাকা।
সমাজের সুধী কয়েকজন জানান, আমরা চাই মাদকের অশুভ চক্র ও ব্যবসা বন্ধ হোক। মাদক কারবারিরা যেন কোনো অবস্থায়ই সমাজপতি হয়ে উঠতে না পারে। তরুণসমাজের একটি বড় অংশ মাদকের অন্ধকার জগতে ঢুকে গেছে। তারা শুধু নিজেদের জীবনই ধ্বংস করছে না, নানা অপরাধে জড়িয়ে সামাজিক শৃঙ্খলা নষ্ট করছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অনেক আগেই। সমাজে তার প্রতিফলন দেখতে চাই আমরা। কোনোভাবেই যেন মাদকের চালান মতলবে ঢুকতে না পারে, সে জন্য ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে, তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সব ধরনের মাদকের বিরুদ্ধে অবশ্যই কঠোর অবস্থান নিতে হবে। নতুন করে শক্ত হাতে অভিযান চালিয়ে মাদকের কারবার বন্ধ করা হবে, এটাই আমাদের প্রত্যাশা।
