
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে হারুন অর রশিদ (২০) নামে এক যুবক নিজের বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফিতা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে। নিহত হারুন ওই গ্রামের মৃত ইছাক আলী গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় ৮-৯ মাস ধরে তিনি ডা. আরিফুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তিনি তার স্ত্রী জেসমিন খাতুন (১৮) কে নিয়ে শ্বশুরবাড়ি যান অসুস্থ শাশুড়িকে দেখতে। পরে সকাল ১১টার দিকে তিনি একাই বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর তার মা হালিমা বেগম ঘরের দরজা খুলে দেখেন, হারুন বসতঘরের শয়নকক্ষের আড়ায় কালো রঙের ফিতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।
চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নামিয়ে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
