
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দাদার দোয়া মাহফিলে যাওয়ার পথে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বায়জিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কিশোরের মা বাতাসী বেগমও আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বায়জিদ নিজেই অটোভ্যানটি চালিয়ে তার মা বাতাসী বেগমকে নিয়ে দাদার ফাতিহা অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে গণিখার মোড় এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলে ভ্যান থেকে বাতাসী বেগম রাস্তায় ছিটকে পড়েন এবং চালক বায়জিদ পিলারের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন। নিহত বায়জিদের খালা শিল্পী জানান, তার বোন ও ভাগনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই বিপত্তির শিকার হয়।
নিহতের বাবা লিটন মুন্সি জানান, তাদের আদি নিবাস দাদপুর এলাকায় হলেও বর্তমানে তারা রাজাপুর গ্রামে বসবাস করেন। তার বাবা অর্থাৎ বায়জিদের দাদা গত শুক্রবার মারা যান। সেই উপলক্ষে শুক্রবার দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। দুই দিন আগে তারা পুরোনো বাড়িতে যান এবং ঘটনার দিন স্ত্রী ও ছেলে বাড়ি থেকে কাপড়চোপড় আনতে যাওয়ার সময় এই অঘটন ঘটে।
বোয়ালমারী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) শিমুল আহমেদ জানান, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। কিশোর নিজেই অটোভ্যান চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
