
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ২২ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি বন্দর এলাকায় পৌঁছান। বন্দর জেটি এলাকা পরিদর্শনের সময় তিনি জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ড এবং চলমান সম্প্রসারণ প্রকল্পের বর্তমান অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সাথে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বন্দরের আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধি এবং পণ্য খালাসের গতি বাড়াতে আধুনিকায়নের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন। বিকেলে ৩টার দিকে বন্দর এলাকা ঘুরে দেখার পর তিনি নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে উপস্থিত হন। এর আগে বন্দর ফটকে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। বন্দরের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর এদিন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনার কথা রয়েছে।
