
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু-র সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব। এ বিষয়ে অংশ গ্রহণ কারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত, যুক্তি ও বাস্তব উদাহরণের ভিত্তিতে পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করে। তাদের যুক্তিনির্ভর উপস্থাপনা বিচারক মণ্ডলী ও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু , উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, কনিকা সরকার, সুমা বিশ্বাস, ইলা দেবী মল্লিকসহ কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহি মূলক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং দায়িত্ব বোধের চর্চা যত বেশি বিস্তৃত হবে, ততই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতি বিরোধী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সুশাসনভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি বিরোধী চেতনা বিকাশে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং তারালী মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ বিতর্কে বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
