
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর নাম সাইফা খানম। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির উঠানে মায়ের সাথে সময় কাটাচ্ছিল শিশুটি। একপর্যায়ে সাইফার বাবা ফাহিম খান কল করলে তার মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি সাইফাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রতিবেশী মুরাদ খান জানান, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করেন।
গুরুতর অসুস্থ অবস্থায় সাইফাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারে একমাত্র সন্তান হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
