
দেশের ব্যাংক খাতের জনসংযোগ, ব্র্যান্ডিং এবং যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংকের হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। একই সঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্র্যাব নতুন এই নেতৃত্বের নাম ঘোষণা করেছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। এ সময় প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, বিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে দেশের ব্যাংকগুলোর ব্র্যান্ড ও কমিউনিকেশন কর্মকর্তাদের পেশাগত উন্নয়নের লক্ষ্য নিয়ে প্র্যাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। সংগঠনটি সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যার মেয়াদ থাকে দুই বছর। এই কমিটিতে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারাও দায়িত্ব পালন করে থাকেন। আগামী নভেম্বরে আয়োজিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু। সংগঠনটি অত্যন্ত সুনামের সঙ্গে গঠনমূলক নানা সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে।
