
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ
মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলো পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ আবুল বাশার মিজির ছেলে মোঃ আবু সাঈদ ওরফে সাগর (২৭) ও উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের আঃ মান্নান খানের ছেলে মোঃ খোরশেদ আলম খান(৩৫)।
থানা পুলিশ জানায়, চলামান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার দুইটা দশ মিনিটের সময় এসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ ছগির হোসেন অন্য পুলিশ সদস্যগণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় গোপন সংবাদের সূত্রে ওই এলাকার ঈদগাঁ বাজারের জনৈক মানিক এর দোকানের সামনে কাচা রাস্তার উপর চিহ্নিত মাদক ব্যবসায়ী সাগর ও খোরশেদকে দেখে পুলিশ সামনে অগ্রসর হলে তারা পালানোর উদ্দেশ্য দৌড় দেয়। পরে ওই জায়গা থেকে তাদের বিক্রির জন্য আনা ১৪ কেজির দুই বস্তা গাঁজা উদ্ধার করে তাদের গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাতের আওতাধীন এটাই এ যাবৎকালের সেরা মাদকের চালান জব্দের ঘটনা।
