
মতলব প্রতিনিধি : পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি সম্মাননা)–২০২৫ অর্জন করেছেন মতলব দক্ষিণ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ। তাঁর এ অর্জনে মতলব দক্ষিণ ও জাজিরা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এর আগে তিনি মতলব দক্ষিণ থানায় কর্মরত অবস্থায় টানা সাফল্যের মাধ্যমে ছয় বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন। দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।
মতলব দক্ষিণ থানায় দায়িত্ব পালনকালে কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত নিরলসভাবে কাজ করে তিনি প্রশংসা কুড়ান সর্বমহলে।
বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে তিনি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। এই আয়োজন উপজেলার যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে তিনি খুব অল্প সময়েই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে জায়গা করে নেন।
বর্তমানে তিনি জাজিরা থানায় কর্মরত রয়েছেন। আইজিপি সম্মাননা পাওয়ার পর সালেহ আহম্মদ মতলব দক্ষিণ ও জাজিরা উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
