
চাঁদপুরের কেএফটি কলেজিয়েট স্কুল বিজ্ঞান ক্লাব আন্তর্জাতিক পরিমণ্ডলে গৌরবজনক সাফল্য অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত 8th World Invention Competition And Exhibition (WICE)-এ অংশগ্রহণ করে স্কুলটির বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা রোবোটিক্স ও IoT (Grades 6–10) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে Silver Medal (রানারআপ) অর্জন করে দেশ ও প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে এনেছে।
উক্ত প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের মেধাবী শিক্ষার্থী এম.এ. সায়েম প্রিয়ন্ত, সাজিদুর রহমান, সাঈদা ইসলাম সাফা, সানিয়া সাঈদ এবং সামিউ ইমাম স্পর্শ অংশগ্রহণ করেন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী। তাদের নিরলস পরিশ্রম, উদ্ভাবনী চিন্তাধারা এবং শক্তিশালী দলগত কাজ এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের এই অর্জন রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তির প্রতি তাদের গভীর আগ্রহ এবং ধারাবাহিক শেখার অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতার পরবর্তী ধাপে এই দলটি অংশগ্রহণ করতে যাচ্ছে WICE International Round, যা অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। আন্তর্জাতিক পরিসরে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে তারা বর্তমানে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি বেলায়েত হোসেন জুলহাস এবং কলেজ অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছে।
