• প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা করল চউক
  • ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা করল চউক

    চট্টগ্রাম নগরীতে হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। বারবার সতর্ক করা এবং সংশোধনের পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরও প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায় ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট ভবন মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে চউকের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

    বুধবার (১৪ অক্টোবর) চউকের অথরাইজড অফিসার-১ এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান ও সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। সংস্থাটি জানিয়েছে, নগরীর মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক তীব্র যানজট দূর করতে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং অবকাঠামোগত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। শুধু নির্দেশনা দিয়েই ক্ষান্ত হয়নি চউক। সংশ্লিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে।

    এর আগে গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে সংশোধনের তাগিদ দেওয়া হয়েছিল। এছাড়া গত ১০ সেপ্টেম্বর ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সেবাদানকারী বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভাও করেছিল চউক। তবে নির্দেশনার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় গত ১৩ অক্টোবর পুনরায় হাসপাতালটি পরিদর্শন করেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সেখানে পার্কিংয়ের বেহাল দশা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সেবাদানকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অভিযান পরিচালনা শেষে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আমি পিছু হটার লোক নই এবং আইন সবার জন্যই সমান। প্রধানমন্ত্রী তাকে নান্দনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়েছেন উল্লেখ করে তিনি জানান, সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন রাস্তায় কোনো ধরনের যানজটের দুর্ভোগে না পড়েন, সেজন্য হাসপাতালগুলোকে অবশ্যই পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করতে হবে। বারবার সতর্ক করার পরও যারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী এ ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

    আরও পড়ুন

    সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত
    চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা
    কাদের মির্জাসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
    মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন
    রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন
    চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
    প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীকে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
    চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত