
চট্টগ্রামে প্রয়াত জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুর স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ক্যামেরার পেছনে থেকে সততা ও পেশাদারত্বের সঙ্গে তিনি সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়েও তিনি বিশেষ ভূমিকা পালন করেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় টিসিজেএ কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। মেয়র তাঁর বক্তব্যে মরহুম বাবুকে সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে জানান, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি আহতও হয়েছিলেন। এমন একজন সহমর্মী কর্মীকে হারিয়ে চট্টগ্রামের গণমাধ্যমে অপূরণীয় ক্ষতি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিসিজেএ সভাপতি এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্যসচিব দিদারুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক নয়ন বড়ুয়া জয়। এ সময় সংগঠনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, আলী আকবর, মোহাম্মদ আলমগীর, সুমন গোস্বামী, মোহাম্মদ মনসুর, হারুন উর রশিদ ও নবাব মিয়াও স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
বক্তারা উল্লেখ করেন, রাজপথের নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেও শামসুল আলম বাবু নিজের নীতি ও আদর্শ থেকে কখনোই সরে দাঁড়াননি। তরুণ সাংবাদিকদের কাজ শেখানোর পাশাপাশি তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন এবং সহকর্মীদের বিপদে সবসময় সবার আগে পাশে দাঁড়িয়েছেন। আলোচনা শেষে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আহম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
