
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। সরকারি অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। সামগ্রিকভাবে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোট ৬ হাজার ৫০০টি চারা বিতরণ করা হলেও, মমতা এককভাবে তার মধ্যে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ করেছে।
মমতার পক্ষ থেকে বিতরণ করা চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির ১৩ প্রজাতির গাছ রয়েছে। এগুলোর মধ্যে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা উল্লেখযোগ্য। এসব চারা উপজেলার বিভিন্ন স্থানে রোপণের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, স্থানীয় স্কুল ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছেও হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজুলসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
