
শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) ব্যুরো চিফ
জাতিসংঘের নারী উন্নয়ন সংস্থা ইউএন উইমেনের সহায়তায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে “পরিবার ও স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নকে সমর্থন ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন আজকের যুগের এক অবশ্যম্ভাবী দাবি।পরিবার থেকে স্থানীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। মিশন মহিলা উন্নয়ন সংস্থার এই উদ্যোগ শুধু নারীদের নয়,গোটা সমাজকেই উপকৃত করবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মনোয়ারা খাতুন, প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত কনসালটেন্ট উত্তম কুমার সরকার এবং প্রকল্প কো- অর্ডিনেটর শেখ আব্দুল্লাহ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার জামান।প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীরা,তাঁদের মধ্যে রয়েছেন আফরিন নেহা, শারমিন সুলতানা,বিদ্যাবতী, রীনা রাণী,সাদিয়া আফরোজ, অন্তরা মণ্ডল,সোনিয়া জামান, তাসরিফা পারভীন, জাকিয়া সুলতানা কেয়া, মৌমিতা রায় এবং মোছাঃ আঙ্গুরা পারভীন।
নারী কর্মীরা জানান, এ প্রশিক্ষণ তাঁদের দক্ষতা বাড়ানোর পাশা পাশি আত্মবিশ্বাস তৈরি করবে। তাঁরা মনে করেন, এই কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে গিয়ে প্রকৃত পক্ষে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।সচেতন মহলের অভিমত, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ না থেকে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে দেশের উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
