
করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সরবরাহ সহজ করার জন্য চাঁদপুরেই বসানো হচ্ছে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটার ক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্ল্যান্টটি বসানোর কাজে অর্থায়ন করছে। ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড-ইউনিসেফ এর বাস্তবায়ন করছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্ল্যান্ট বসানোর কাজে নিয়োজিত প্রকৌশলী কামাল বলেন, চাঁদপুরসহ দেশের প্রায় ৩০টি জেলায় ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের ধারণ ক্ষমতার লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানো হচ্ছে। মূল প্ল্যান্টটি হচ্ছে ৬ হাজার লিটারের। এটি যখন অক্সিজেনে রূপান্তর হয় তখন ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারে রূপান্তর হয়। এটির কাজ সম্পন্ন হলে চাঁদপুরের চাহিদা অনুযায়ী যে কোন সময় লিকুইড অক্সিজেন পাওয়া যাবে।
চাঁদপুর সরকারি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম বলেন, বর্তমানে আমাদের কুমিল্লা থেকে চাহিদা অনুযায়ী আনতে হচ্ছে। তাতে ভোগান্তি এবং খরচ দুটোই হচ্ছে। লিকুইড প্ল্যান্টটি স্থাপন হলে আমাদের জেলার বর্তমান চাহিদা পূরণ করে এবং ৪/৫ মাসের অক্সিজেন মওজুদ থাকবে। এছাড়া এখান থেকে অন্য জেলায়ও অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।
