
ঢাকা, নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেসবল ও সফটবল এসোসিয়েশন (বিবিএসএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বেসবল৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে দেশের বিভিন্ন ফেডারেশন ও এসোসিয়েশনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে র্যালিটি ওসমানী উদ্যান থেকে শুরু হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে গিয়ে শেষ হয়। এতে বিবিএসএ’র পুরুষ ও নারী খেলোয়াড়সহ কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত র্যালিটি ক্রীড়াঙ্গনের এক মিলনমেলায় পরিণত হয়।
র্যালি শেষে বিবিএসএ’র ব্যবস্থাপনায় ঢাকার পল্টন মাঠে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় বেসবল৫ প্রীতি ম্যাচ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মোঃ আফজালুর রহমান।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিবিএসএ রেড দল ২-০ স্কোরে গ্রিন দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় বিবিএসএ’র সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং ম্যাচ অফিসিয়ালবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবিএসএ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বেসবল ও সফটবল এবং বেসবল৫ খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে।
