
ডেঙ্গু পরিস্থিতির লাগাম টানতে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে মশার বিস্তার রোধে সরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ বেশি এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।
সভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর বিশেষ জোর দেওয়া হয়। সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণগুলো পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কাজের সমন্বয় বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই সভায়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
