
ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তির মাত্র দুই দিনের মধ্যেই ১ কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে নির্মাতা জাকারিয়া সৌখিনের নাটক ‘ভালো আছো তো?’। নাটকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত লক্ষাধিক লাইকের পাশাপাশি হাজারো ইতিবাচক মন্তব্যে সরগরম হয়ে উঠেছে নাটকের কমেন্টবক্স।
নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নীহা। এর আগে ‘মনদুয়ারি’ ও ‘মায়াপাখি’র মতো নাটকে দর্শক এই জুটিকে একসঙ্গে দেখেছেন। তবে নতুন এই কাজটি আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। বিশেষ করে গল্পের টানটান উত্তেজনা, সাবলীল সংলাপ, আবেগপূর্ণ দৃশ্যায়ন এবং নাটকটির ব্যতিক্রমী শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর দাগ কেটেছে।
সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন জানান, তিনি সবসময় নিজের ভালো লাগা থেকে কাজ করতে চেয়েছেন। এই অর্জনের কৃতিত্ব একা তাঁর নয় জানিয়ে তিনি প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলী এবং দর্শকদের অভিনন্দন জানান। তিনি বলেন, কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দদায়ক।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, এমন সাফল্যে তারা দর্শকদের কাছে কৃতজ্ঞ। তিনি অপূর্ব, নীহা ও পুরো টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রুচিশীল ও মানসম্মত কনটেন্ট উপহার দেওয়ার লক্ষ্যেই কাজ করে সিএমভি। এই প্রাপ্তি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
‘ভালো আছো তো?’ নাটকে অপূর্ব-নীহা ছাড়াও মিলি বাশার, সমাপ্তি মাশুক ও প্রান্তসহ আরও অনেকে অভিনয় করেছেন। এছাড়া নাটকটির একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’-এর কথা লিখেছেন আহমেদ রিজভী। সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।
