
মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই আইনি জটিলতায় আটকে গেল আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত নতুন সিনেমা ‘উড়তা তীর’। আগামী ২৩ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও, আপাতত নেপালের প্রেক্ষাগৃহে এটি প্রদর্শনের কোনো অনুমতি পাওয়া যায়নি। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে সিনেমাটির মুক্তির বিষয়ে অনুমতি না মেলায় এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি পর্যালোচনার পর একটি বিশেষ অভিযোগ তুলেছে। সেন্সর বোর্ডের ভাষ্যমতে, এই সিনেমাটি দেশটির প্রচলিত চলচ্চিত্র আইন লঙ্ঘন করেছে। এরই পরিপ্রেক্ষিতে নেপালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ থেকে সিনেমাটি প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তদন্তকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত নেপালের জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আইন অমান্য করায় আপাতত দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না। কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে দাপ্তরিকভাবে এই বিষয়টি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আইনের মারপ্যাঁচে আটকা পড়া এই সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে বা আদৌ প্রদর্শিত হবে কি না, তা নিয়ে কোনো স্পষ্ট নির্দেশনা বা পরবর্তী সিদ্ধান্তের কথা এখনো জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মূলত আইনি কাঠামোর জটিলতায় পড়ে সিনেমাটির ভবিষ্যৎ এখন ঝুলে গেছে।
