
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা:
মতলব পৌরসভার চরমুকুন্দি এলাকায় ধনাগোদা নদী থেকে নিখোঁজ হওয়ার আড়াই ঘন্টার ব্যবধানে আজ সোমবার দুপুরে রাকিব ( ৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, নিহত রাকিব পৌরসভার চরমুকুন্দি গ্রামের দেওয়ান বাড়িতে তার ফুফা খোরশেদ আলম দেওয়ানের কাছে থেকে প্রায় তিন বছর যাবত দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো।
তার পিতা মোঃ দুলাল ঢাকার শনিরআখরায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করে।মাতা রিংকি বেগমসহ ওখানে ভাড়া বাসায় থাকেন। তাদের পৈত্রিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায়। সে মা বাবার একমাত্র সন্তান ছিল।
সাদেক উল্লাহ দেওয়ান, শামীমসহ এলাকাবাসী জানান,আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির লোকজনের সাথে রাকিব নদীর পাড়ে যায়। সকলের অগচরে সেও গোসল করতে নামে। সাঁতার জানতো না। এক পর্যায়ে তাকে না দেখলে সকলে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে হদিস না মিললে ফোনে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।
এদিকে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল পৌনে তিনটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান নূর বলেন, খবরপেয়ে আমরা প্রায় আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করি। ১৫ মিনিটের মধ্যেই নিচে বালির গর্তে আটকা পড়া অবস্থা থেকে তাকে মৃত উদ্ধার করি।
