
সমির ভট্টাচার্য্য :
পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে বিশেষ মনিটরিং পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
গত ১৪ মার্চ বৃহস্প্রতিবার দুপুরে শুরু হওয়া বিশেষ মনিটরিংয়ের সময় চার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদউর্ত্তীর্ণ পণ্য বিক্রি ও কাঁচা সবজির দোকানে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে বাজারের ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। এ সময় মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে পুরো রমজান মাস বাজার মনিটরিং অব্যাহত থাকবে। বাজারে অতিরিক্ত মূল্যে এবং খাদ্যে ভেজাল মিশিয়ে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রথমবারের মতো বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করা হলো। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
