
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর হাই স্কুল এন্ড কলেজে ২৮ জুলাই বৃহস্পতিবার শিক্ষার মানোন্নয়ন, শতভাগ উপস্থিতি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মায়েরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন মিয়াজী ও খন্দকার মোঃ ফয়েজুল আলমের সঞ্চালনায় মায়েদের সাথে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল মান্নান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য মোঃ গাজিউর রহমান সুমন পাটোয়ারী, দাতা সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষানুরাগী সদস্য সাইদুল হক শ্যামল পাটোয়ারি, আশ্বিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা আক্তার, কামাল হোসেন বকুল, আবু ইউসুফ মনা প্রমুখ।
অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান বলেন ,ইদানীং কিশোর গ্যাং ও ইভটিজিং সংক্রান্ত বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও অনেক ছাত্রছাত্রী লেখাপড়ার সময়ে মোবাইল ফোন ব্যবহার করছে। এর ফলে তারা বিভিন্ন ক্ষতিকারক দিকে প্রভাবিত হচ্ছে। তাই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অভিভাবকদেরকে মোবাইল ফোন জব্দ করতে হবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে । আমরা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ডিজিটালাইজড পদ্ধতিতে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
