
মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) মতলব দক্ষিণ থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ জনাব হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারপাড়া এলাকায় নারায়ণপুর পূর্ব বাজারের মেহারন ট্রলারঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় নারায়ণপুর ইউনিয়নের সারপাড় গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ারের ছেলে সিয়াম আহম্মেদ (২২) কে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন কাগজসহ প্রায় ৭০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
অপরদিকে, এসআই (নিরস্ত্র) মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩নং খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর দাস বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বলরাম দাস (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন। অভিযানে তার বসতঘর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বলরাম দাসের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
