
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে ভোজ্যতেলের ক্রয়-বিক্রয়ের সঠিকতা যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স সুকলাল সাহা ও শ্রী কৃষ্ণ ভান্ডার দোকানে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তবে মেসার্স সুনীল চন্দ্র ঘোষের ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়ে।
জানা যায়, উক্ত প্রতিষ্ঠানে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোকান মালিক দীপু ঘোষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
