
মোঃ হোসেন গাজী।।
‘বিবেদ নয়, ঐক্যেই হোক জয়’ এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক ও বাল্য বিবাহের মত সামাজিক ব্যাধী থেকে বিরত রাখা ও মানবতার সেবায় নিয়োজিত থাকার প্রতিশ্রুতি নিয়ে অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন গাজীর বাজার স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় হাইমচর উপজেলার ২ নং উঃ আলগী ইউনিয়নের গাজীর বাজার স্পোর্টিং ক্লাবের কার্যালয় সংলগ্ন মাঠে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী মোঃ জিল্লুর রহমান মামুন গাজীর সার্বিক দিকনির্দেশনায় সাবেক ইউপি সদস্য মোঃ বাবুল মিয়া কালু গাজীর সভাপতিত্বে ও বাচ্চু মিয়া খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।
তিনি বলেন- গাজীর বাজার স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ছাত্র ও যুবসমাজ মাদক, জঙ্গীবাদ ও বাল্য বিবাহের মত ঘৃণ্যতম অপরাধ থেকে ফিরে এসে যেনো খেলাধুলায় ব্যস্ত থাকে এ আশাবাদ ব্যক্ত করছি।
তিনি বলেন, সংগঠন পরিচালনা ও স্পোর্টস সামগ্রী ক্রয় বাবদ এ সংগঠনকে ৫০ হাজার টাকা অনুদান দিবো। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল মহ যাবতীয় ক্রীড়া সামগ্রী সংগঠনের নেতৃবৃন্দের হাতে তুলে দিবো।
এসময় বক্তব্য রাখেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনির হোসেন দুলাল পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাকসুদ আলম খান প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শাজাহান ভূইয়া, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মিন্টু মিয়া কবিরাজ, সমাজ সেবক শাহনেওয়াজ মানিক পাটওয়ারী, শাহ আলম মৃধা, শাহজাহান গাজীসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
