
নিজস্ব প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কিছুদিন যাবৎ মতলব পৌরসভা এলাকার নবকলস, ঢাকিরগাঁও, বরদিয়া, চরমুকুন্দি, নিলক্ষি, কদমতলী এলাকায় প্রকাশ্যে জাটকা বিক্রির কথা জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কয়েকদিন যাবৎ প্রকাশ্যে জাটকা বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। দাম কম পাওয়ায় এবং হাতের নাগালে পাওয়ায় অনেক ক্রেতাই এ মাছ ক্রয় করতে আগ্রহ দেখায়।
বিষয়টি অনেকটা ছাই দিয়ে মাছ ঢাকার মত বলে মন্তব্য করছেন কতিপয় সচেতন মহল। চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা নিয়মিত মৎস্য অভিযান পরিচালনা হলেও এর ছিটেফোঁটাও লক্ষ করা যায় নি মতলব দক্ষিণ উপজেলায়।
ভ্রাম্যমান মাছ বিক্রেতা জহির জানান, জেলেরা ট্রলার দিয়ে আমাদের কাছে মাছ পৌঁছে দিলে আমরা পেটের দায়ে তা হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করি। কেজিতে ১০ টাকা ২০ টাকা পাই।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, আমরা অভিযান অব্যাহত রেখেছি। পূর্বে দুইবার অভিযান পরিচালনা করে ২ লক্ষ মিটার জাল এবং ১০ কেজি জাটকা আটক করি। তাছাড়া মতলব দক্ষিণে জাটকা নেই।
