শুক্রবার (২৬ জুন ২০২৬) বাগানবাড়ী ইউনিয়নের দক্ষিণ মান্দারতলী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শিক্ষার বিকল্প নেই। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে হবে।
তিনি বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে হবে। সন্তানদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করতে হবে। বিশেষ করে মাগরিবের আগেই সন্তানদের ঘরে ফিরে এসে পড়াশোনায় মনোযোগী হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা ও সমর্থনে ইউনিয়নবাসীর সেবার সুযোগ পেলে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দিয়ে একটি মাদকমুক্ত, সুস্থ ও শিক্ষানির্ভর সমাজ গঠনে কাজ করবো।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন মোঃ সেলিম ভূঁইয়া, মোহাম্মদ মজনু ভূঁইয়া, মোঃ জয়নাল প্রধান, রুবেল প্রধান ও রফিকুল ইসলাম কাঁকন।
উল্লেখ্য, বাগানবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মহসিন ভূঁইয়ার গণসংযোগ, উঠান বৈঠক ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।