
সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণাঞ্চলে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। মঙ্গলবার সকালে এই সতর্কতা জারির পাশাপাশি একটি হলুদ সতর্কতাও দেওয়া হয়। কুয়াশার কবলে পড়া সড়কে চলাচলকালে গাড়িচালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবুধাবি পুলিশ।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ৩ নভেম্বর দেশজুড়ে আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় ভারী কুয়াশা পড়তে পারে। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা এড়াতে ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতিসীমা মেনে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় এবং কিছু অভ্যন্তরীণ অঞ্চলে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এ সময় ওই সব এলাকায় কুয়াশা কিংবা হালকা কুয়াশার চাদর দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার গতিপ্রকৃতি অনুযায়ী দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এর মধ্যে আবুধাবির সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং দুবাইয়ের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এছাড়া রাস আল খাইমায় তাপমাত্রা নেমে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
বাতাসের গতিপ্রকৃতি নিয়ে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব দিক থেকে বইতে শুরু করা মৃদু থেকে মাঝারি বাতাস পরবর্তীতে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ সাধারণত ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকলেও তা সর্বোচ্চ ৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আরব উপসাগর ও ওমান সাগরের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সমুদ্রের অবস্থা স্বাভাবিক ও শান্ত থাকবে বলে নিশ্চিত করেছে এনসিএম।
