
ধনাগোদা ডেক্স:
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আগাম শীতের আমেজ শুরু হয়ে গেছে। এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া। গত কয়েক দিন ধরে দিনের বেলা কিছুটা গরম অনুভূত গেলেও সন্ধ্যায় উত্তর দিক থেকে হিমালয়ের হিম বাতাস বইতে শুরু করে। মধ্যরাতের পর থেকে ভোররাত পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা। যা নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, টানা ১৩ দিন ধরে এই জেলায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে৷
জানা গেছে, গত কয়েক দিন ধরে জেলার ৫ উপজেলায় হিমেল হাওয়া আর শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় প্রতি বছরের ন্যায় এবারো নির্দিষ্ট সময়ের আগেই জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। কয়েকদিন ধরে সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া। কুয়াশা আচ্ছন্ন ভোরে জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের বার্তা। প্রতি বছর অন্যান্য জেলার তুলনায় এই জেলায় আগেভাগেই শীত অনুভূত হওয়ায় জেলার খেটে খাওয়া ও দরিদ্র মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।
আবহাওয়া অফিস বলছে, গত এক মাসে জেলার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। তবে নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে তাপমাত্রা নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে। হিমালয়ের হিম বাতাস প্রবাহিত হওয়ার কারণে প্রতি বছর জেলায় কনকনে শীত অনুভূত হয় যা দীর্ঘ সময় ধরে থাকে। শুধু তাই নয় বছরের শীত মৌসুমে এ জেলায় দীর্ঘ সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে।
