শিরোনাম
  • প্রচ্ছদ
  • রংপুর বিভাগ
  • রংপুরে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
  • রংপুরে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

    রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে আছাদুল হক ও শিহাব হোসেন নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা আছাদুল এবং রংপুরের বাসিন্দা শিহাবের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

    স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল থেকেই নির্মাণাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজে ১৩ জন শ্রমিক নিয়োজিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে হঠাৎ করেই ছাদের শাটারিং ভেঙে পড়লে শ্রমিকেরা নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধারকাজে সহায়তা করেন। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।

    পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজনকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

    ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জের পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্‌ আল বাকিউল বারী। তিনি বলেন, ঘটনার কারণ ও দায়বদ্ধতা যাচাইয়ে তদন্ত চলমান থাকবে। তদন্তে কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    গাইবান্ধায় প্রেমঘটিত ঘটনায় কিশোর ও তরুণীর প্রাণহানি
    বিলুপ্তির পথে ফুলবাড়ীর ঐতিহ্যবাহী ঝিনুকের চুন তৈরির শিল্প
    শীতের ছবি
    পঞ্চগড়ে শীতের আমেজ, দিন দিন কমছে তাপমাত্রা
    স্ত্রী তালাক দিয়েছে, ক্ষোভে সিঁদ কেটে শ্বশুর বাড়িতে চুরি
    বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
    প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা নিয়ে প্রকাশ হচ্ছে বই