
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ মো. মাহমুদুল হককে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এর আগেও ২০১২ সালে তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ চার দশকের ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন মো. মাহমুদুল হক যমুনা ব্যাংকের অন্যতম স্পনসর পরিচালক। তিনি বস্ত্র ও তৈরি পোশাক, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসন খাতের মতো বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। পাশাপাশি বিভিন্ন দাতব্য ও সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়নেও তার সম্পৃক্ততা রয়েছে। আনলিমা গ্রুপের মাধ্যমে ব্যবসায়িক পরিমণ্ডলে তার বিশেষ পরিচিতি রয়েছে।
