
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক অভিযানের অংশ হিসেবে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বাহিনী। বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক এই বোমাটি ‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু হতে পারে।
মার্কিন সামরিক পরিকল্পনার অংশ হিসেবে নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের বিকল্প উপস্থাপন করা হয়, যার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত থাকে। কর্মকর্তাদের ভাষ্যমতে, ভূগর্ভস্থ গভীরতম লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার জন্য বড় ধরনের বোমার প্রয়োজন হয়, আর সেই প্রয়োজনে ‘মাদার অব অল বোম্বস’ সবচেয়ে বড় সমাধান। তবে এই বোমাটির কার্যকারিতা নিয়ে খোদ মার্কিন বাহিনীর ভেতরেই সংশয় রয়েছে।
সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের মতে, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই বোমাটি কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধ্বংস করার ক্ষমতা রাখলেও, ইরানের ফোরদো বা সংশ্লিষ্ট পাহাড়ি এলাকার গভীর পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে এটি সম্ভবত সক্ষম নয়। এ বিষয়ে আল আরাবিয়া সহ বিভিন্ন সূত্রের তথ্যে ইরানের ভূগর্ভস্থ স্থাপনার বিরুদ্ধে এই বোমার সীমাবদ্ধতার বিষয়টি উঠে এসেছে।
